রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দলীয় কর্মকাণ্ডে গতি আনতে সাংগঠনিক উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে পাঁচ নেতাকে নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে, যাদের মূল দায়িত্ব থাকবে মাঠপর্যায়ে দলের কার্যক্রম তদারকি করা।
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত একটি বিশেষ টিমের মাধ্যমে তারা এ কার্যক্রম পরিচালনা করবেন।
দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করবে এই টিম। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বাড়ানো এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখাও তাদের কাজের অংশ।
বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় বিদ্যমান সমস্যা ও নেতৃত্বের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্বও পালন করবে দলটির এই বিশেষ টিম।
এ কার্যক্রমে টিমকে সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক বিভাগগুলোর নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে দলীয় ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ টিমের একজন নেতা জানিয়েছেন, মাঠপর্যায়ের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় নেতৃত্বকে প্রয়োজনীয় তথ্য জানানো হবে। পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় বাড়িয়ে পরিস্থিতি অনুযায়ী সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন দায়িত্বপ্রাপ্ত পাঁচ নেতা।