বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন মিলনকে আদালতে হাজির করেন। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আদায়ের কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হচ্ছিলেন।

এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওই সময়ের হামলায় বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান।ঘটনার প্রায় দুই বছর পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে আমিরুল আলম মিলনের নাম রয়েছে ৯৯ নম্বর আসামি হিসেবে।এর আগে ২০২৫ সালের মে মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে তিনি কারাগারে ছিলেন।