আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে নতুন করে ভাবনা, প্রভাব পড়ছে ঢাকা-দিল্লি সম্পর্কে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারতের কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। দুই বছর পর দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, এই বিষয়টি ভারত-বাংলাদেশ সম্পর্কের বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে।

ভারত সরকার শুরু থেকেই বলে আসছে, নিরাপত্তার কারণে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। তার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।তবে দিল্লির কূটনৈতিক মহলের একটি অংশ মনে করছে, বাস্তব পরিস্থিতিতে এই ব্যাখ্যা সব সময় কার্যকর হচ্ছে না। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনার সময় শেখ হাসিনার প্রসঙ্গ বারবার সামনে আসছে।


গঙ্গার পানিবণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও রাজনৈতিক যোগাযোগ—সব ক্ষেত্রেই এই বিষয়টির প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ভারতের নিরাপত্তা ও পররাষ্ট্র সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করা হয়েছে। শুরুতে এ দায়িত্ব পালন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরে বিষয়টি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মাধ্যমে দেখা হয়।দিল্লির আশা ছিল, সময়ের সঙ্গে একটি রাজনৈতিক সমাধানের পথ তৈরি হবে। তবে সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি বলে মনে করছেন পর্যবেক্ষকরা।