গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অবস্থানকে সরকার ‘হঠকারিতা’ হিসেবে চিহ্নিত করছে বলে অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারের এই ধরনের বয়ান তৈরির সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক আন্দোলন বা বিক্ষোভ প্রকাশ করা সাধারণ মানুষের সংবিধানসম্মত অধিকার। কিন্তু আজ নাগরিকরা রাস্তায় নামলে তাঁদের সংঘাতের সঙ্গে যুক্ত করে মামলা দেওয়া বা গ্রেফতারের পরিবেশ তৈরি করা হচ্ছে। দেশে বর্তমানে কথা বলার জায়গা ও রাজনৈতিক মুক্ত পরিবেশ দিন দিন সংকুচিত হয়ে আসছে যা অত্যন্ত উদ্বেগজনক।

 তিনি বিএনপি সরকারের আমলেও সংবাদকর্মীদের চাকরিচ্যুতির প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ মেনে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের জোর তাগিদ দেন।