বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়ে আগামী ২৭ আগস্ট তাঁকে হাজির করতে বলা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে জিয়াউল আহসানকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে নির্ধারিত তারিখে তাঁকে হাজির করার নির্দেশ দেন।জিয়াউল আহসান বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সালাহউদ্দিন আহমদ ২০২৫ সালের ৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তাঁকে গুম করার অভিযোগ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন।অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলামের নাম রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয়। সে সময় তিনি বিএনপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন।প্রায় দুই মাস পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।

২০১৮ সালে নিম্ন আদালতে ওই মামলায় খালাস পান সালাহউদ্দিন। পরে ভারত সরকারের করা আপিলও ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি খারিজ হয়ে যায়।এরপর দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ আগস্ট ট্রাভেল পাস পাওয়ার পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।