ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য রুমিন ফারহানার উপস্থিতি ঘিরে স্থানীয় বিএনপির বর্জনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। রুমিন ফারহানা বলেছেন, জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর সেই বাস্তবতা মেনে নেওয়া উচিত।
বুধবার (৫ আগস্ট) সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রুমিন ফারহানা।তবে তার উপস্থিতির প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা উপস্থিত থাকলেও বিএনপির কোনো প্রতিনিধি অংশ নেননি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করলে মানুষের রায়কে সম্মান করতে হবে। তিনি বলেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে—এই বাস্তবতা সবাইকে গ্রহণ করতে হবে।তিনি আরও বলেন, গণতন্ত্রের কথা বললে জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। অন্যথায় দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য আন্দোলনের দাবির সঙ্গেও তা সাংঘর্ষিক হয়ে যায়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয় পান রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছিলেন ৮০ হাজার ৪৩৪ ভোট।এর আগে রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
অনুষ্ঠানে অংশ না নেওয়ার বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, রুমিন ফারহানা প্রশাসনের আমন্ত্রণে সংসদ সদস্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে দল থেকে বহিষ্কৃত হওয়ায় বিএনপি নেতারা কর্মসূচিতে অংশ নেননি।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে ওঠেনি মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন ও সবার জন্য সমান অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি প্রশ্ন তোলেন, যদি শুধু একটি সরকারের পরিবর্তনের জন্যই এত বড় আন্দোলন হয়ে থাকে, তাহলে এত মানুষের আত্মত্যাগের মূল্য কোথায়?
তিনি বলেন, ৫ আগস্টের আগে তিনি রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। ওই সময় তার বাড়ি ও গাড়িতে হামলা চালানো হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।রুমিন ফারহানা বলেন, গণঅভ্যুত্থান সফল না হলে আজ যারা বিভিন্ন জায়গায় কথা বলছেন, তাদের অনেকেই হয়তো এই সুযোগ পেতেন না।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
‘জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, বিএনপিকে বাস্তবতা মেনে নিতে হবে’—রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য রুমিন ফারহানার উপস্থিতি ঘিরে স্থানীয় বিএনপির বর্জনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। রুমিন ফারহানা বলেছেন, জনগণের ভোটে তিনি নির্বাচিত হ
প্রিয় বাংলাদেশরাজনীতি


