বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, জুলাই গণআন্দোলনের প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি দাবি করেন, জনগণের কল্যাণে একটি আধুনিক, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (৫ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খন্দকার মারুফ বলেন, জুলাই আন্দোলনের সময় দেশের মানুষ স্বৈরশাসনের অবসান চেয়েছিল এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পরিবর্তন এসেছে। তবে দেশ ছাড়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই আন্দোলনে অংশ নেওয়া প্রকৃত যোদ্ধাদের সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ড. মারুফের ভাষ্য, সরকার জুলাই আন্দোলনের চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে রাজনৈতিক মতভেদ দূরে রেখে দেশের স্বার্থে সব পক্ষকে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিভ্রান্তিকর বক্তব্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকারও আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চায়। অতীতের দীর্ঘদিনের সংকট কাটিয়ে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনের অর্জন বাস্তবায়নে কাজ করছে সরকার: খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, জুলাই গণআন্দোলনের প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি দাবি করেন, জনগণের কল্যাণে এ
প্রিয় বাংলাদেশরাজনীতি


