বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি করার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও তিনি নিজেই এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।রোববার রাতে রাষ্ট্রপতি পদে তাঁর সম্ভাব্য মনোনয়ন নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিষয়টি তাঁর জানা নেই এবং এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্যও নেই।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায় রয়েছে।মির্জা ফখরুল ১৯৯১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে বিএনপির সাংগঠনিক দায়িত্বে উঠে আসেন এবং ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সরকারের সময়ে কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হন তিনি। ২০১৬ সালে দলটির মহাসচিব নির্বাচিত হওয়ার পর এখনো ওই দায়িত্বে রয়েছেন।রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ২০ আগস্ট ভোট হওয়ার কথা। এদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ইতোমধ্যে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে তাদের প্রার্থী ঘোষণা করেছে।