জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের একটি বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াতের সঙ্গে জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়েও সমালোচনা করেছেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর এনসিপিও একই ধরনের ‘গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা’ ছড়ানোর কৌশল অনুসরণ করছে।

পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হওয়ার দাবি করেছেন। এ বক্তব্যের সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও কেউ এর প্রতিবাদ করেননি বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য উপস্থাপনের প্রবণতা তাদের মধ্যে রয়েছে। ধর্মীয় মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি এ ধরনের বক্তব্যেরও সমালোচনা করেন।

এনসিপিকে নিয়েও সরাসরি আক্রমণ করেন রাশেদ খান। তার দাবি, জামায়াত নেতৃত্বাধীন জোটে যাওয়ার পর নতুন বন্দোবস্তের কথা বলা দলটি একই ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছে।

তিনি বলেন, এনসিপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে। তবে তাদের বক্তব্যেও অপতথ্য রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত ও এনসিপিকে ঘিরে মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। তার ভাষ্য, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রচারণা চালানোর ক্ষেত্রে দুই দলকে ইতোমধ্যে মানুষ ‘চ্যাম্পিয়ন’ বলতে শুরু করেছে।

একই সঙ্গে তিনি বলেন, শুধু সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন করলেই হবে না; বিরোধী রাজনৈতিক দলগুলো এই সময়ে কী ধরনের গুজব, অপপ্রচার ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন প্রয়োজন।