জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। এ উপলক্ষে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।

বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি জাদুঘরটি ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। পোস্টে তিনি জানান, দেশে অবস্থানকালে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ হয়েছিল এবং এর শেষ কক্ষ থেকে বের হওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি।

শামারুহ মির্জা লিখেছেন, জাদুঘরটির প্রতিটি অংশ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগের ইতিহাসকে গভীরভাবে তুলে ধরেছে। বিশেষ করে শেষ গ্যালারির অভিজ্ঞতা তাকে আবেগাপ্লুত করে তোলে।

তিনি দেশের মানুষের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সুযোগ হলে পরিবার-পরিজন নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখা উচিত। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতে এ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি স্বাধীনতা ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে রচিত একটি দেশাত্মবোধক কবিতার অংশও শেয়ার করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।