মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক পছন্দের সঙ্গে একটি অঞ্চলের উন্নয়নকে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিলটি শুরু হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে মিছিল শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান অভিযোগ করেন, মন্ত্রীর বক্তব্য থেকে এমন ধারণা পাওয়া গেছে যে রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কারণেই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে। তিনি এ ধরনের বক্তব্যকে জনগণের রাজনৈতিক অধিকার ও স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী বলে দাবি করেন।

জামায়াত নেতারা বলেন, কোন দলকে ভোট দেওয়া হবে, সেটি জনগণের সাংবিধানিক অধিকার। রংপুরের উন্নয়নে কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।

সমাবেশ থেকে মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং রাজনৈতিক আনুগত্যের সঙ্গে উন্নয়নকে না জড়িয়ে রংপুরবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তোলা হয়।