আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলের পক্ষ থেকে এখনো চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। জোটের শরিকদের সঙ্গে আলোচনার পর প্রার্থীর নাম চূড়ান্ত করার কথা রয়েছে।

দলীয় ও জোটসংশ্লিষ্ট সূত্রে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তিকেও প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।