ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ সত্ত্বেও আন্দোলনের মূল লক্ষ্য ও প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তার ভাষায়, ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই জাতিকে সেই মূল্য দিতে হচ্ছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, জুলাই আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন, অনেকে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। অসংখ্য পরিবার স্বজন হারিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছে। তিনি দাবি করেন, এত ত্যাগের পরও যে লক্ষ্য অর্জনের জন্য আন্দোলন হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।’

তিনি আরও বলেন, মানুষের তৈরি রাজনৈতিক ব্যবস্থা দিয়ে জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। বৈষম্য দূরীকরণ, নারীর নিরাপত্তা এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই কার্যকর সমাধান বলে তিনি দাবি করেন।

চরমোনাই পীর বলেন, জুলাই আন্দোলনের পর ইসলামের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে ক্ষমতার রাজনীতি ও ব্যক্তিস্বার্থের কারণে সেই উদ্যোগ সফল হয়নি। তার অভিযোগ, কিছু মহলের অবস্থান পরিবর্তনের ফলে দেশে ইসলামী রাজনীতির সম্ভাবনার পাশাপাশি জুলাই আন্দোলনের প্রত্যাশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমানও বক্তব্য দেন। তিনি গুমের ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়ার সমালোচনা করে বলেন, অতীতে গুমের অভিযোগে যেসব সংস্থার নাম এসেছে, তাদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন থাকায় এ সিদ্ধান্ত জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর জনগণ স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান প্রত্যাশা করলেও বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।