ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁর দাবি, দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী সভা, সমাবেশ ও উঠান বৈঠকে বাধা দেওয়ার পাশাপাশি ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের রুহিয়া উপজেলায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
দেলাওয়ার হোসেন বলেন, আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে ভোটাররা অবস্থান নেবেন বলে তিনি আশাবাদী। কোনো বাধাই দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচিত হলে রুহিয়ায় মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটি আধুনিক ঠাকুরগাঁও গড়তে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি ইনসাফভিত্তিক ঠাকুরগাঁও গড়তে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
রুহিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আটোয়ারী উপজেলা জামায়াতের সেক্রেটারি বজলুর রহমান। এ সময় ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।