রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়।

১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ অন্যরা।

তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।