নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের সমাধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন তার স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ নেতারা।
সকাল সাড়ে ৮টায় জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল আজিম বনি ও আফজাল হোসেন খান বাচ্চু।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাসদ ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরিফউদ্দিন সোহেল, সহদপ্তর সম্পাদক ইমন আহমেদ ইমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২৭ নভেম্বর ডা. মিলন দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দলটি।