২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (১০ অক্টোবর) ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; দক্ষতা অর্জন, জ্ঞান বিনিময় এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ হাতিয়ার। ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কার্যকর যোগাযোগ ও দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।
চীনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানচর্চার সুযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনও জরুরি। ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় দক্ষতা বাড়লে জ্ঞান বিনিময়, বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগে বাংলাদেশের সক্ষমতা বাড়বে।
তরুণদের ভাষাশিক্ষার সাফল্যকে বৃহত্তর দক্ষতা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বিশ্ববিদ্যালয়গুলোকে এ ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ ও বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।