খাদ্যে ভেজাল ও অনিয়ম ঠেকাতে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।\
নতুন প্রস্তাবে গুরুতর অপরাধে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি অভিযোগকারীকে অর্থ দেওয়ার বিধান রাখার কথা বলা হয়েছে।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-তে পরিবর্তন এনে প্রশাসনিক জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের ভিত্তিতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখার কথা বলা হয়েছে। আদায় করা জরিমানার এক-চতুর্থাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে খাদ্যমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে বিদ্যমান আইন আরও কঠোর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার বিষয়টিও আলোচনায় আনেন।
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার বিষয়েও নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ধান সংগ্রহের প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব যেন না থাকে এবং কৃষকরা যাতে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কৃষক ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দেশের খাদ্য মজুত ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরে মন্ত্রণালয়। বর্তমানে সারাদেশের খাদ্যগুদামগুলোর মোট ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন। ২০৩০ সালের মধ্যে তা ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে বিদ্যমান গুদামগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের সুপারিশ করা হয়। যেসব গুদাম অতিরিক্ত পুরনো কিংবা ব্যবহারের অনুপযোগী, সেগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
খাদ্যশস্য সংরক্ষণে পোকামাকড় ও ছত্রাকের ঝুঁকি কমানোর বিষয়েও আলোচনা হয়। এ জন্য সংগ্রহের সময় শস্যের আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং গুদামে যান্ত্রিক বায়ু চলাচল ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। নতুন গুদাম নির্মাণে প্রচলিত ইটের কাঠামোর পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে মন্ত্রণালয় জানায়।
খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলেও বৈঠকে জানানো হয়। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা কমাতে ডিলার নিয়োগের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি ৫০০ উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য চালের বিশেষ বাজারজাত কর্মসূচিও বৈঠকে আলোচনায় আসে। শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। একই সঙ্গে প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।