রাজধানীর সড়কে বাসের অসুস্থ প্রতিযোগিতা, ধোঁয়া আর যাত্রী ভোগান্তি কমাতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে নামানো হবে ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস।
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন পরিচালন পদ্ধতি চালুর পাশাপাশি আধুনিক বাসসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে বেসরকারি পরিবহন মালিকদেরও এই ব্যবস্থায় যুক্ত করা হবে।
বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের’ আওতায় মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এ পরিকল্পনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, রাজধানীর গণপরিবহনকে নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক করতে তিন হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে সরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও নতুন কাঠামোয় যুক্ত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু নতুন বাস নামালেই ঢাকার পরিবহন সমস্যার সমাধান হবে না। বাস পরিচালনার প্রচলিত পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। এজন্য সমন্বিত পরিকল্পনা, নিয়মতান্ত্রিক পরিচালনা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। পুরো ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ কাজে বিশ্বব্যাংক সহযোগিতা করছে।
পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে চালু করা হবে ‘গ্রস-কস্ট’ পদ্ধতি। এতে বাস পরিচালনার প্রচলিত রুট পারমিট ব্যবস্থার পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করা হবে।
এই পদ্ধতিতে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়া সরাসরি বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানের হাতে যাবে না। কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়া সংগ্রহ করা হবে। বিপরীতে নির্ধারিত নিয়ম মেনে বাস পরিচালনার জন্য অপারেটরদের প্রতি কিলোমিটার অনুযায়ী অর্থ দেওয়া হবে।
অর্থাৎ, কোনো বাসে কতজন যাত্রী উঠেছেন কিংবা কত টাকা ভাড়া আদায় হয়েছে, সেটি অপারেটরের আয় নির্ধারণের মূল ভিত্তি হবে না। বরং নির্ধারিত সময়সূচি ও সেবার মান বজায় রেখে বাস কত কিলোমিটার চলেছে, তার ওপর ভিত্তি করে অর্থ পরিশোধ করা হবে।
সংশ্লিষ্টদের ধারণা, এ পদ্ধতি কার্যকর হলে যাত্রী ওঠানোর জন্য বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা কমবে। নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানো-নামানো, সময়সূচি মেনে চলা এবং সেবার মান বজায় রাখাও সহজ হবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে বাস পরিচালনা ও তদারকির সুযোগ তৈরি হবে।
বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনায় পরিবেশগত বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। জ্বালানিচালিত যানবাহনের পরিবর্তে বিদ্যুৎচালিত বাস ব্যবহার করা গেলে সড়কে ধোঁয়া নির্গমন কমবে। এতে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আধুনিক বাসের মাধ্যমে যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, বাসের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ জনবল তৈরি করতে হবে। পাশাপাশি নতুন বাসের রুট নির্ধারণ, পরিচালনাকারী প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অর্থায়নের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।
রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত বাস চলাচল, যাত্রী ওঠানোর প্রতিযোগিতা, নির্ধারিত সময়সূচি না মানা, অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র বাস থামানোর অভিযোগ রয়েছে। এসব কারণে যানজটের পাশাপাশি প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
নতুন কাঠামোয় এসব সমস্যা কমানোর পাশাপাশি নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে। নির্ধারিত স্টপেজ, সময়সূচি ও যাত্রীসেবার মান পর্যবেক্ষণের বিষয়টিও সংস্কার পরিকল্পনায় গুরুত্ব পাওয়ার কথা।
তবে তিন হাজার বাস চালুর ঘোষণা বাস্তবে কার্যকর করতে সরকারি-বেসরকারি পরিবহন খাতের সমন্বয়, অবকাঠামো উন্নয়ন এবং নতুন পরিচালন পদ্ধতির গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।