তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে আজ বসছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের ব্যবধান ঘোচানোই এবারের আলোচনায় বড় চ্যালেঞ্জ।
তৈরি পোশাকশিল্পের সব পর্যায়ের শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম বেতন নির্ধারণের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে দুপুর ২টায় সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়েছে। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং বোর্ডের সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
নতুন মজুরি কাঠামো নিয়ে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে প্রস্তাব বিনিময় হয়েছে। সোমবার মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেয়। তবে শ্রমিক ও মালিকপক্ষের দাবির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকায় এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
আজকের আলোচনায় উভয় পক্ষের দেওয়া প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি শ্রমিক ও কর্মচারীদের জন্য গ্রহণযোগ্য ন্যূনতম বেতন নির্ধারণের সুপারিশ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে।
পোশাকশিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ায় এ খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট মহলে আগ্রহ রয়েছে। বোর্ডের আজকের বৈঠকে দুই পক্ষের অবস্থানের কতটা সমন্বয় হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শ্রমিক ও শিল্পসংশ্লিষ্টরা।