নারী উদ্যোক্তা ও ক্ষমতায়নের কার্যক্রমে যুক্ত জয়িতা ফাউন্ডেশনের নেতৃত্বে পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন ড. কাইয়ুম আরা বেগম।
জয়িতা ফাউন্ডেশনের প্রশাসনিক দায়িত্বে নতুন মুখ হিসেবে যুক্ত হচ্ছেন ড. কাইয়ুম আরা বেগম। তাকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, ‘জয়িতা ফাউন্ডেশন অধ্যাদেশ, ২০২৫’-এর ৯(২) ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর থেকে এক বছর কার্যকর থাকবে তার নিয়োগের মেয়াদ। তবে এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের বাকি শর্তাবলি চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।
অন্যদিকে, এতদিন ফাউন্ডেশনটির এমডির দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ফলে একই সঙ্গে প্রতিষ্ঠানটির নেতৃত্ব ও প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন ঘটছে।