দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ আট জেলায় মোতায়েন করা হয়েছে ১০১ প্লাটুন সদস্য।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ দায়িত্বে মাঠে নেমেছে বিজিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ মোট ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়ও বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তৎপরতা ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে তাদের।
এদিকে মাঠপর্যায়ের কার্যক্রমের ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে বিশেষ মনিটরিং ব্যবস্থা। ড্রোন ও সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বাহিনীর সদস্যরা কাজ করছেন। মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়াই এ মোতায়েনের অন্যতম লক্ষ্য। দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা রয়েছে সদস্যদের প্রতি।