জমির মালিকানা নিয়ে জটিলতা, রেকর্ডের অসংগতি ও ভূমি অফিসের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর পরিবর্তন আনতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে অংশীদারত্ব গড়েছে ভূমি মন্ত্রণালয়। সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এ উদ্যোগের মাধ্যমে ভূমির মালিকানা ও সংশ্লিষ্ট তথ্য একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ইউএনডিপির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস চুক্তিতে সই করেন।
পরিকল্পনা অনুযায়ী, ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল তথ্যভাণ্ডারে সংরক্ষণ করা হবে। হোল্ডিং ও খতিয়ানের তথ্য একই প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা অনলাইনে জমির তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে সেবা নিতে বারবার সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন কমবে। পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতাও কমানোর সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তি ও বিরোধের মুখে পড়তে হয়েছে। নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু হলে জমির তথ্যের নির্ভুলতা বাড়বে এবং ভূমি নিয়ে অনিয়ম ও বিরোধ কমাতে সহায়তা করবে।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জমিসংক্রান্ত তথ্য সংরক্ষণে নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যেন সহজে এসব সেবা পায়, সে জন্য মাঠ প্রশাসন, মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী মনে করেন, নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে উঠলে ভূমিসংক্রান্ত মামলা ও বিরোধ কমার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়েও স্বচ্ছতা বাড়বে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, শুধু রেকর্ড ডিজিটাল করাই এ উদ্যোগের সাফল্য নয়; নাগরিকেরা সেই তথ্যের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ। ভূমির অধিকার সুরক্ষা এবং সবার জন্য সহজ সেবা নিশ্চিত করতে সংস্থাটি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেবে।
অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ইউএনডিপির সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের জমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে।