দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে ভিয়েতনামের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ানের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান। এর আগে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। সাক্ষাতের বিষয়টি রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম নিশ্চিত করেছেন।
সাক্ষাতে রাষ্ট্রপতি ভিয়েতনামের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্রশিল্পের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর অনুরোধ জানান তিনি। এসব পণ্যের গুণগত মান ও মূল্য প্রতিযোগিতার সক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য চলতি বছরের মার্চ থেকে আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান তিনি। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে তার দেশের ইতিবাচক মনোভাবের কথা জানান।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরে রাষ্ট্রপতি মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা উৎপাদন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে ভিয়েতনামের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সে দেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্টের কাছে শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও আলোচনায় স্থান পায়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ভিয়েতনামের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন রাষ্ট্রপতি।
রোহিঙ্গা সংকট সমাধানেও ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন তিনি। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিষয়টি আদালতের রায়ে উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।