বাণিজ্য ও বিনিয়োগের গণ্ডি ছাড়িয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন খাতেও পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও কানাডা। দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও বিস্তৃত করতে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে এ বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৫ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে গেছে। এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।
কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নেও যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। এ প্রক্রিয়া যেন মসৃণ ও টেকসই হয়, সে জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর জোর দেয় উভয় দেশ। কানাডা ২০৩২ সাল পর্যন্ত তাদের প্রাসঙ্গিক অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশের পণ্যের জন্য বাজারসুবিধা অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে।
অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা, রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং বেসরকারি খাতের বিকাশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও মতবিনিময় হয়।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকার বিষয়টিও বৈঠকে উঠে আসে। ১৯৭২ সাল থেকে দেশটি বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। গত অক্টোবরে বাংলাদেশ সফরের সময় কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের ঘোষিত ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের সহায়তার বিষয়টিও উল্লেখ করা হয়।
এই সহায়তার আওতায় অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা, জ্ঞান বিনিময় ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমেও সহযোগিতা বাড়ানোর সুযোগ খতিয়ে দেখছে দুই দেশ।
বৈঠকে অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে কানাডা। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কানাডার ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি অবদানের কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার প্রত্যয় জানায় উভয় পক্ষ। এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে এর গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও কানাডা অর্থনৈতিক, উন্নয়ন, বহুপক্ষীয় এবং ভূরাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করে। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ককে ভবিষ্যতে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়েও উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করে।