বিদেশে অবস্থান করলেও দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে বাংলাদেশের আইনে কোনো ব্যতিক্রম নেই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান।
আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন কিংবা তাঁর পক্ষ থেকে কী বক্তব্য দেওয়া হচ্ছে, তা সরকারের অবস্থান পরিবর্তন করবে না। দেশের সীমানায় প্রবেশ করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা দণ্ডিত এবং তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে। তাই প্রচলিত আইনের বাইরে গিয়ে তাঁকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের বিষয়ে বাংলাদেশ যে আইনি নীতি অনুসরণ করে, শেখ হাসিনার ক্ষেত্রেও সেটিই কার্যকর থাকবে। এ বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।