রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে প্রাণ হারিয়েছেন সাবা (৩০) নামে এক গৃহবধূ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ তার দেড় বছরের সন্তানসহ বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তার সন্তান আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটির বাবা আবদুর রহমানের (২৯) শরীরের ৬ শতাংশ পুড়েছে। একই ফ্ল্যাটে বসবাসকারী সানজিদা (২০) ও তার মা শামসুন নাহারের (৫০) শরীর যথাক্রমে ৩৭ ও ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে আবদুর রহমান, সানজিদা ও শামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের দল তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে।
মা হারানোর পাশাপাশি শিশুটির শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনেরা। মাত্র দেড় বছর বয়সী শিশুটির শরীরের বড় একটি অংশ পুড়ে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির বাবাও দগ্ধ অবস্থায় হাসপাতালে থাকায় দুই পরিবারের সদস্যদের উৎকণ্ঠা আরও বেড়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার ১০ তলা কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে। আবদুর রহমান স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটের একটি অংশে সাবলেটে থাকতেন। অন্য কক্ষে মেয়ে সানজিদাকে নিয়ে বসবাস করতেন শামসুন নাহার।
বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফ্ল্যাটের পাঁচ বাসিন্দাই দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।




