যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের মান যাচাইয়ে নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, খাদ্যশস্য আমদানি থেকে শুরু করে সংরক্ষণ ও বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।
রবিবার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে এমভি ‘স্প্রিং স্কাই’ নামের গমবাহী জাহাজ পরিদর্শন শেষে মন্ত্রী এসব নির্দেশনা দেন। তিনি বলেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খাদ্যশস্য গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনো অবস্থাতেই মান যাচাইয়ে অবহেলা করা যাবে না।
আফরোজা খানম বলেন, খাদ্যশস্য যথাযথভাবে সংরক্ষণ ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। খাদ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এখন পর্যায়ক্রমে অগ্রাধিকার অনুযায়ী সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের খাদ্যচাহিদা পূরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সময়মতো খাদ্য পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দায়িত্ব পালনে দক্ষতা ও আন্তরিকতার যথাযথ মূল্যায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। জাহাজ পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।