দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। এ জন্য আধুনিক প্রযুক্তি, উন্নত জাত, গবেষণা ও খামার ব্যবস্থাপনার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত এখন আর শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। এ খাতের উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, উন্নত খাদ্য এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অংশ ১৬ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
খাতটির কর্মসংস্থানের চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ প্রাণিসম্পদের সঙ্গে যুক্ত। তাদের প্রায় ৪০ শতাংশ নারী। দেশে দুই লাখের বেশি পোল্ট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের পুষ্টি নিশ্চিত করতে প্রাণিজ আমিষের গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। তাই পুষ্টিনিরাপদ প্রজন্ম গড়ে তুলতে এ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
রপ্তানির সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে এবং উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
রোগবালাইকে প্রাণিসম্পদ খাতের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে সরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে চাহিদা পূরণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। নতুন জেগে ওঠা চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
পশুপাখির প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ব্যথা ও নির্যাতন থেকে সুরক্ষা দিতে হবে। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই প্রাণীর প্রতি মমত্ববোধ শেখানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।




