শিশু অপহরণ, নিখোঁজ হওয়া ও অনলাইন ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ, নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎকালে শিশু অপহরণ ও নিখোঁজের বিভিন্ন ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের অনুসন্ধান ও উদ্ধারের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরে। প্রতিনিধিদলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও ছিলেন।
এ সময় সাদাত রহমান রাষ্ট্রপতিকে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং সহায়তার জন্য চালু করা ১৩২১৯ নম্বর হেল্পলাইনের কার্যক্রম তুলে ধরেন তিনি।
প্রতিনিধিদলটি দেশব্যাপী ‘মুন অ্যালার্ট’ কার্যক্রম ছড়িয়ে দেওয়া, দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে রাষ্ট্রপতির সহযোগিতা চায়।
প্রতিনিধিদের বক্তব্য শোনার পর নিখোঁজ শিশুদের স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাসও দেন তিনি।
শিশুদের উদ্ধার ও সুরক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের কার্যক্রমে আরও বেশি মানুষকে যুক্ত করতে হবে এবং কাজের পরিধি বাড়াতে হবে। পাশাপাশি উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি শিশুদের বিরুদ্ধে অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিয়ে কাজ করতে একটি বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি।
সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রতিটি শিশুর জন্য নিরাপদ পরিবেশ এবং সুরক্ষিত শৈশব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।