জাপানের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং দক্ষ মানবসম্পদ তৈরির নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।
জাপানের গিফু শোতোকু গাকুয়েন বিশ্ববিদ্যালয় (Gifu Shotoku Gakuen University) এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অধ্যাপক শোকেন মিয়ামা।
এ চুক্তির আওতায় বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারে সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নতুন এই সমঝোতা স্মারককে সেই উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিদেশে দক্ষ কর্মী নিয়োগ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের চলমান উদ্যোগের ধারাবাহিকতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এর মাধ্যমে জাপানে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষাগত ও পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের নতুন সম্ভাবনা তৈরি হবে।




