শেখ হাসিনার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না সরকার—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ীই একজন গণহত্যাকারীর দেশে ফেরার বিষয়টি নির্ধারিত হবে।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনাকে আদালতের দেওয়া ‘রং হেডেড’ উপাধির প্রসঙ্গ টেনে ইয়াসের খান চৌধুরী বলেন, তিনি কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না। একজন গণহত্যাকারী নিজের ইচ্ছামতো দেশে ফিরতে পারবেন না; বাংলাদেশের আইন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
সভায় নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, আর্থিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম মালিকরা এর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করলে নারী-পুরুষ সব সাংবাদিকই উপকৃত হবেন।
নারী সাংবাদিকদের অবহেলার কোনো মানসিকতা সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত। প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নারীরা দায়িত্ব পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও মেয়েরা ভালো ফলাফল করছে। তাই গণমাধ্যমে নারীদের দক্ষতা কাজে লাগানোর আরও সুযোগ তৈরি করা প্রয়োজন।
নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, এক থেকে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি প্রচলিত প্রশিক্ষণ কার্যক্রমেও নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে তারা পেশাগত দক্ষতা বাড়িয়ে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন।
মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে একটি কার্যালয় ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়। জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রেস ক্লাবে নারী সাংবাদিকদের জন্য নির্দিষ্ট স্থান, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃথক শৌচাগারের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হবে। এ জন্য ফোরামকে আনুষ্ঠানিকভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি।
এ ছাড়া ফোরামের প্রকাশনাটি তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করার বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রতিমন্ত্রী। নিয়ম অনুযায়ী আবেদন করা হলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ তৈরির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।
সভায় নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন ফোরামের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো পর্যালোচনা করে সহযোগিতার আশ্বাস দেন।




