বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মর্যাদা রক্ষা এবং কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশকে বিশ্বে মর্যাদাপূর্ণ ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করবে।
শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পাওয়া নিঃসন্দেহে গৌরবের। তবে দেশের স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের যে সম্মান, তা আরও অনেক বড়। এই বিরল গৌরবের অধিকারী হওয়ায় মুক্তিযোদ্ধারা জাতির কাছে চিরস্মরণীয়।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও স্বজন দেশের জন্য জীবন দিয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁরা সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, অসংখ্য মানুষের জীবন, মা-বোনের সম্ভ্রম এবং বহু মানুষের শারীরিক ক্ষতির বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন ও সাফল্য তাঁকে গর্বিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনিও সম্মানিত বোধ করছেন।
তারেক রহমান আরও বলেন, অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ২০০১ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। পরের বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও তাঁদের মধ্যে স্বাধীনতার চেতনা এখনো অটুট রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখা সরকারের দায়িত্ব। তাঁদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতেও রাষ্ট্রের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে।