বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিকে।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস।
সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দ্রুত কাউন্সিল আয়োজনের লক্ষ্যে নির্বাহী কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা সম্মিলিতভাবে পদত্যাগ করেন এবং নতুন আহ্বায়ক কমিটিকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ন্যায্য অধিকার আদায় এবং বিভিন্ন শিল্প খাতের সমস্যা নিয়েও আলোচনা হয়। শ্রমিকদের দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নতুন শ্রমিক ইউনিয়ন গঠন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বকেয়া চাঁদা আদায়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত করার অপচেষ্টা মোকাবিলায় শ্রমিকদের সচেতন ও ঐক্যবদ্ধ করার ওপরও জোর দেওয়া হয়।
সভায় নজরুল ইসলাম খান ও শিমুল বিশ্বাস বিদায়ী কমিটির নেতাদের দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন। নতুন কমিটির সফলতা কামনা করে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান, নুরুল ইসলাম খান নাসিম, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান, সালাউদ্দিন সরকার, রফিকুল ইসলাম, হামিদা খাতুন, নাছরিন আক্তার ডিনা ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।