# বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশার মধ্য দিয়ে নয়াদিল্লিতে উদযাপিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।
হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সামরিক বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। পরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস, অবদান ও দিবসটির গুরুত্ব নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ ও বীর সেনানীদের স্মরণ করেন। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র বাহিনীর সাহসিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের ঐতিহ্য তুলে ধরেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর গৌরবময় ঐতিহ্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে সক্ষম করে তোলার অঙ্গীকার রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের।
মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও দেশটির সামরিক বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রীতি রহমান। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
প্রধান অতিথি যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও বোঝাপড়ার ওপর প্রতিষ্ঠিত এ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশাবাদ জানান তিনি। দুই দেশকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবেও অভিহিত করেন ভারতীয় এই সামরিক কর্মকর্তা।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।