চট্টগ্রাম বন্দরের পরিচালনা ও আধুনিকায়ন, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে ডিপি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বাধীন প্রতিনিধিরা। বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ এবং ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি।

 চুক্তি অনুযায়ী, টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের পাশাপাশি এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের ব্যবস্থাপনাও ডিপি ওয়ার্ল্ডের দায়িত্বে থাকবে। সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য হলো টার্মিনালের পরিচালন দক্ষতা বাড়ানো, কনটেইনার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও মতবিনিময় হয়। 

বিশেষ করে বন্দর ও লজিস্টিকস অবকাঠামোয় বিনিয়োগের সম্ভাবনা এবং এ খাতে দক্ষতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চুক্তি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরে আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা যুক্ত করার সুযোগ তৈরি হবে। এর ফলে কনটেইনার পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক বন্দর অবকাঠামোর উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।