নির্মাণকাজে ধুলিদূষণ নিয়ন্ত্রণ এবং ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে রিহ্যাব প্রতিনিধিদের সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণকাজের ধুলা কমানো এবং পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়।
মন্ত্রী বলেন, নির্মাণস্থল ঘিরে রাখা, মাটি-বালিসহ নির্মাণসামগ্রী ঢেকে রাখা এবং পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত করা নিশ্চিত করতে হবে। নির্মাণসামগ্রী ও বর্জ্যবাহী যানবাহনের চাকা পরিষ্কার করে সড়কে চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।
তিনি নির্মাণস্থল ও আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং ধুলার মাত্রা অনুযায়ী প্রয়োজনে আরও বেশি পানি ব্যবহারের নির্দেশনা দেন। নির্মাণবর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখা বা পোড়ানোর পরিবর্তে পরিবেশসম্মতভাবে দ্রুত অপসারণের ওপরও গুরুত্ব দেন।
পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলিদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নির্মাণ প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ করতে হবে। নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পানি ছিটানো ও বর্জ্য অপসারণ তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণের পাশাপাশি পরিবেশবান্ধব ব্লক ব্যবহারে প্রকল্পভিত্তিক পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক ব্লকের গুণগত মান নিশ্চিত করা এবং ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারে ব্যয় না বাড়ানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। নতুন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা, রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় এবং ব্লকের ওপর ভ্যাট, কর ও কাঁচামালের আমদানি শুল্ক যৌক্তিকীকরণ নিয়েও আলোচনা হয়।