রেলপথে একের পর এক নাশকতার ঘটনায় ট্রেন চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে মাত্র তিন দিনে আটটি নাশকতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে রেললাইন, স্টেশন, সেতু, ট্রেনের ইয়ার্ড, লোকোমোটিভ শেড ও জ্বালানি ডিপোর সুরক্ষায় ২২ দফা নির্দেশনা জারি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত ৯ থেকে ১১ নভেম্বরের মধ্যে এসব ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) সমন্বিতভাবে স্টেশন, প্ল্যাটফর্ম ও ইয়ার্ডে টহল বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি টিকিট কাউন্টার, লাগেজ কক্ষ ও অপেক্ষাকক্ষে সন্দেহজনক ব্যক্তি এবং পরিত্যক্ত ব্যাগের ওপর নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশন ও ট্রেনে অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।
রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর রেলওয়ের স্থাপনা সুরক্ষা ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাস্তবায়নও তদারকি করা হচ্ছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে—৯ নভেম্বর ঢাকার গেন্ডারিয়া স্টেশনের আউটার পয়েন্টে ককটেল বিস্ফোরণ। পরদিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে স্টেশনমাস্টারের কক্ষের দরজায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই দিন দৌলতকান্দি-মেঘনা সেকশনে রেললাইনের পাশে আগুন দেওয়ায় চাঁদপুর কমিউটার ট্রেনের যাত্রায় এক ঘণ্টা দুই মিনিট বিলম্ব হয়।
এ ছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি কোচের আসনের কভার পুড়িয়ে দেওয়া, জামালপুরে রেললাইনের পাশে টায়ার জ্বালানো, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের হোসপাইপ কেটে ফেলা এবং জয়দেবপুরে তুরাগ কমিউটার ট্রেনের কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ১১ নভেম্বর আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের একটি কোচেও অগ্নিসংযোগ করা হয়।
জারি করা ২২ দফা নির্দেশনায় রেলপথের গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্টে পাহারা বাড়ানো এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। রেললাইন কাটা, ফিশপ্লেট খুলে নেওয়া কিংবা সন্দেহজনক কোনো বস্তু চোখে পড়লে দ্রুত কন্ট্রোল অফিস ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাতে হবে। লোকোমোটিভ শেড, ক্যারেজ ডিপো, ডিজেল ডিপো ও ওয়াশপিটে প্রবেশের আগে পরিচয় নিশ্চিত করার বাধ্যবাধকতাও রয়েছে। রাতে অনুমোদন ছাড়া লোকোমোটিভ ও ক্যারেজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনায় সিসিটিভি ক্যামেরা সচল রাখা, গার্ড রেজিস্টার যাচাই, জ্বালানি সংরক্ষণাগারে প্রবেশ নিয়ন্ত্রণ এবং জ্বালানিবাহী ট্রেনের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ রয়েছে। একই সঙ্গে সিগন্যাল ও কেবিন কক্ষে অপরিচিত ব্যক্তিদের প্রবেশ ঠেকানো এবং প্রতিদিন প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা করতে বলা হয়েছে।
এদিকে রাজধানীর ব্যস্ত বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর স্টেশন পরিদর্শক মো. রেজানুর রহমান জানান, প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উড়ালসেতুতে দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ করে শুধু চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রাতে শেষ ট্রেন চলে যাওয়ার পর স্টেশন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের বিমানবন্দর স্টেশনের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, স্টেশনটির চারপাশ উন্মুক্ত এবং কোনো সীমানাপ্রাচীর নেই। সীমিত জনবল দিয়ে পুরো এলাকা নজরদারিতে রাখা কঠিন। তবে আরএনবির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে।