রাজধানীর ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজ শেষ করে আগামী ১৯ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা ঐতিহাসিক উদ্যানটির পাশাপাশি নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার সভাপতিত্বে সভায় উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। উদ্বোধন ও সুধী সমাবেশের পর একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় এক দশক বন্ধ থাকার পর উদ্যানটি চালু হলে নগরবাসী অবসর কাটানো ও হাঁটাচলার জন্য নতুন একটি স্থান পাবেন। জুলাইয়ের শহিদ ও বীর যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে সেখানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। দর্শনার্থীরা এ স্থাপনার মাধ্যমে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করার সুযোগ পাবেন।
উদ্যানটিকে নতুনভাবে সাজাতে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার নির্ধারিত স্থান, কৃত্রিম ফোয়ারা ও জলধারা যুক্ত করা হয়েছে। পরিবার নিয়ে সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি সচিবালয়সংলগ্ন এলাকার সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে সব প্রস্তুতি সম্পন্ন করে নগরবাসীকে নতুন উদ্যানে স্বাগত জানানোর আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।