দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়মে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। তবে কোন তিন দিন রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করা যাবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
রবিবার (২৯ নভেম্বর) দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার কমাতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়েও আলোচনা হয়। যেসব মার্কেট সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী, তাদের জন্য ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে সৌরবিদ্যুৎ প্যানেলের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছে। সনদ নেওয়ার পরও কোনো প্রতিষ্ঠান নিম্নমানের প্যানেল স্থাপন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া মার্কেটগুলোতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ নিয়ে গ্রাহকদের ভোগান্তি এবং বিদ্যুৎ সংযোগের তার চুরি বন্ধের বিষয়গুলো বৈঠকে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এসব সমস্যা সমাধানে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন তারা।
এর আগে কোরবানির ঈদ উপলক্ষে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। জুন মাসে সেই সময় কমিয়ে রাত ৯টা করা হয়। পরে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ১২ আগস্ট থেকে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার নিয়ম চালু হয়।
পরবর্তী সময়ে দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ২৩ অক্টোবর থেকে আবার রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ কার্যকর হয়। এবার নতুন সিদ্ধান্তে সপ্তাহের তিন দিন বাড়তি সময় ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে।
এদিকে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা জোরদারেও উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সারাদেশে বিদ্যুৎ কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও কোম্পানির প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।