দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপে সক্রিয়তা বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ১৯ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৩৯টি মামলা অনুমোদন করা হয়েছে। একই সময়ে ৪৭টি অভিযোগপত্র দাখিলের পাশাপাশি আদালতের নির্দেশে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকার বেশি সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের নিয়ন্ত্রণ কক্ষ ও সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের তথ্য পর্যালোচনায় এসব চিত্র উঠে এসেছে। এ সময়ে ১৩৯টি মামলায় ৪৬২ জনকে আসামি করা হয়েছে। আর ৪৭টি অভিযোগপত্রে অভিযুক্ত হয়েছেন ১৭১ জন।
মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ২৯৩ জনের বিরুদ্ধে ৫৪টি মামলা অনুমোদন দেয় কমিশন। ওই মাসে ৮৭ জনের বিরুদ্ধে ২২টি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০৬টি নতুন অনুসন্ধান শুরু এবং ২৪টি সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অক্টোবরে মামলার অনুমোদন আরও বাড়ে। এ মাসে ১৬৯ জনকে আসামি করে ৮৫টি মামলা অনুমোদন করা হয়। ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি অভিযোগপত্র এবং ৫৭টি সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মামলা অনুমোদন বেড়েছে ৩১টি। সম্পদ বিবরণী জমার নির্দেশও ২৪টি থেকে বেড়ে ৫৭টিতে পৌঁছেছে।
দুই মাসে নতুন অনুসন্ধান শুরু হয়েছে ২৭৩টি। এর মধ্যে ১৬টি অনুসন্ধান নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া নয়টি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে ৩৪ জনকে অব্যাহতি দেওয়ার অনুমোদন দিয়েছে কমিশন।
অবৈধ সম্পদ শনাক্তের পর আদালতের মাধ্যমে তা ক্রোক ও অবরুদ্ধ করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগস্টে ২০ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ ক্রোকের পাশাপাশি ৬৭টি ব্যাংক হিসাবে ১৮৩ কোটি ৮৪ লাখ টাকা অবরুদ্ধ করা হয়।
সেপ্টেম্বরে ক্রোক করা সম্পদের মূল্য ছিল প্রায় ৬৮ কোটি ৮০ লাখ টাকা। একই মাসে ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর, শেয়ারসহ বিভিন্ন খাতে ৮০৮ কোটি ৭ লাখ টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়।
অক্টোবরে ২ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। পাশাপাশি ব্যাংক হিসাব, এফডিআর, শেয়ার, বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ১৬৭ কোটি ২৫ লাখ টাকার বেশি সম্পদ অবরুদ্ধ করা হয়।
তিন মাসের সম্মিলিত হিসাবে ক্রোক করা সম্পদের পরিমাণ ৯২ কোটি ৩ লাখ টাকা। অন্যদিকে অবরুদ্ধ করা অর্থ ও সম্পদের মূল্য ১ হাজার ১৫৯ কোটি ১৭ লাখ টাকা। সব মিলিয়ে আদালতের আদেশে ক্রোক ও অবরুদ্ধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে নতুন দুদক কমিশন দায়িত্ব গ্রহণ করে। কমিশনের অন্য দুই সদস্য হলেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এর আগে প্রায় সাড়ে পাঁচ মাস কমিশন কার্যত শূন্য ছিল।
দুদক সচিব মো. সাইদুর রহমান খান বলেন, দীর্ঘ সময় কমিশন না থাকায় অনেক অভিযোগ ও কাজ জমে ছিল। সেগুলো এখন যাচাই করে গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে প্রতিষ্ঠানটি পেশাদারভাবে কাজ করার সুযোগ পায়নি। তবে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো ধরনের চাপ অনুভব করেনি। স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে পারলে জনগণের আস্থা অর্জন এবং প্রত্যাশা পূরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।