ডেঙ্গুর বিস্তার রোধে আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালন এবং প্রতি শনিবার এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র, আবাসিক এলাকা ও এটিএম বুথসহ সব নিয়ন্ত্রণাধীন স্থাপনায় এ কর্মসূচি পালন করতে হবে।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে
সার্কুলারে বলা হয়েছে, ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। জমে থাকা পানি, মৌসুমি বৃষ্টিপাত ও অপরিচ্ছন্ন পরিবেশ এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিস্থিতি তৈরি করছে। এ অবস্থায় মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।
নির্দেশনায় ব্যাংক ভবনের ছাদ, গাড়ি পার্কিংয়ের স্থান, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, ড্রেন, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি অব্যবহৃত ফুলের টব, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতল ও ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন সামগ্রী অপসারণ বা ধ্বংস করতে বলা হয়েছে।
এ ছাড়া স্থানীয় পৌরসভা ও সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রমে সহযোগিতা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।