সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। এ বিষয়ে তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। দেশটির আইন অনুযায়ী গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালত সাজা দিয়ে থাকে। তবে ওই দুই বাংলাদেশির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না পাওয়ায় ঘটনার বিস্তারিত এখনো সরকারের কাছে স্পষ্ট নয়।
প্রতিমন্ত্রী জানান, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় আদালত ব্যবস্থা নিয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত ও আদালতের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হতে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।