প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম। পাশাপাশি তাকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত করা হয়েছে।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। তার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক নাহরিন ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়নের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’ অনুসারে তাকে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাহরিন ইসলাম বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় তার ওপর যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।