সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা প্রবাসীদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সে দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ। বিষয়টি বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব বিচারব্যবস্থা ও আইনি কাঠামো রয়েছে। দেশটির আইন লঙ্ঘন করে গুরুতর অপরাধ করলে সেই আইন অনুযায়ী বিচার ও শাস্তির বিধান রয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে বিষয়টি বোঝা যায় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় দুই বাংলাদেশির বিরুদ্ধে মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত থাকার অভিযোগের কথা জানানো হয়েছে। বার্তা অনুযায়ী, সৌদি আইনে ঘটনাটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি বলে জানান প্রতিমন্ত্রী। দুই বাংলাদেশির পরিচয়, মামলার বিবরণ ও আদালতের সিদ্ধান্ত সম্পর্কে তথ্য পেতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রবাসে যেখানেই থাকুন না কেন, বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে হবে।




