ডেঙ্গু পরিস্থিতি, পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান দেখতে রাজধানীর দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং দুপুরে আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি। এ সময় মৈত্রী হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আর শিশু হাসপাতালে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, শিশু হাসপাতাল পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটি অপরিচ্ছন্ন থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব।
তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে গিয়ে ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানান তিনি। ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। পরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দুপুরে শিশু হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের সেবায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
Do you like this personality?




