বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের ভোটব্যাংক হয়ে থাকার প্রয়োজন নেই; নিজেদের বিবেক ও নাগরিক অধিকার বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
শুক্রবার রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গোৎসবের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এখন স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা কোন সময়ে বেশি সুরক্ষিত থাকে, তা প্রত্যেকের নিজের বিচার করা উচিত।
তিনি বলেন, “আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের বিবেকের কাছেই দায়ী থাকবেন।” ধর্মীয় আচার পালনের স্বাধীনতা, সরকারি বরাদ্দ ও ছুটিসহ নাগরিক সুযোগ-সুবিধার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের সংবিধান সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন, উপাসনালয় প্রতিষ্ঠা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের অধিকার দিয়েছে। ধর্মের কারণে কারও সঙ্গে বৈষম্য করা যাবে না। তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ শব্দ ব্যবহারের পক্ষেও মত দেন। তার ভাষ্য, সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকারের অধিকারী।
দুর্গাপূজার আয়োজন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সরকারি বরাদ্দ ও ছুটির ব্যবস্থা রয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি অন্য ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, কূটনৈতিক প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




