দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাচল ও সমান অধিকার প্রতিষ্ঠায় জনসাধারণের ব্যবহৃত স্থানগুলো প্রতিবন্ধীবান্ধব করার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ফুটপাত, সড়ক, গণপরিবহন ও সরকারি স্থাপনায় তাদের নিরাপদ চলাচলের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া হয়।
মন্ত্রী বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সক্ষমতার প্রতি সম্মান দেখানো এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানো সবার দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মো. আবদুল মতিন।




