দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, বাংলাদেশ সবার। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ঈদ ও পূজা সবার উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অতীতের মতো এবারও মানিকগঞ্জে দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রী মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরে প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি সব ধর্মের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে ১২৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গাছের চারা ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।