শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ট্রেন চালানো এবং আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া অতিরিক্ত কোচ সংযোজন, স্টেশনে নিরাপত্তা বাড়ানো এবং ট্রেনের সময়সূচি ঠিক রাখতে বিশেষ তদারকির সিদ্ধান্ত হয়েছে। ১১ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা স্পেশাল-৩ চলবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। অন্যদিকে ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।
এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেস ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেস ২৪ অক্টোবর নিয়মিত চলবে।
অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্বাঞ্চলের ট্রেনে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলের ট্রেনে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়সূচি ঠিক রাখা ও শিডিউল বিপর্যয় কমাতে গুরুত্বপূর্ণ জংশন এবং সিগন্যাল কেবিনে জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরিদর্শকদের নজরদারি বাড়ানো হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে ট্র্যাকে সার্বক্ষণিক টহল এবং জরুরি উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন প্রস্তুত রাখার কথা জানানো হয়েছে। দেশের প্রধান রেলস্টেশনগুলোতে জিআরপি ও আরএনবির পাহারা জোরদার করা হবে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর বিচারিক ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, সচিব, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।




